
মোহাম্মদ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া) বলেছেন, দেশের সংকট উত্তরণের জন্য শুধু নেতা পরিবর্তন নয়, নীতির মৌলিক পরিবর্তনও প্রয়োজন।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বরগুনার পরিরখাল বাজারে ৯নং এম. বালিয়াতলী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগণকে ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনার আহ্বান জানাচ্ছি।”
পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং এম. বালিয়াতলী ইউনিয়ন শাখা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্তি পেতে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।