
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচরে (মাদারীপুর) মঙ্গলবার এক নির্বাচনী উঠান বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের পক্ষে সমর্থন জানান। তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা নাদিরা আক্তারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাকে ‘স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী’ হিসেবে সমর্থন করছেন।
উঠান বৈঠকটি শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী এবং পৌর বিএনপির সদস্য সচিব আজমল খান।
বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলররা।
বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “সবার আগে বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় আমরা বলছি, সবার আগে শিবচর। আমরা ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।