
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. দুলাল (৪৮)।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাহবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ের ফুল মার্কেট এলাকায় কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় দুলালকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুলাল একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।