
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ-ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন অস্থায়ী কেন্দ্রসহ মোট চারটি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়। ভেন্যুগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১)।
এ ইউনিটে মোট ৫১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৭৯.৩৪ শতাংশ।
পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবের সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্বে ছিল।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন কমিটির সদস্য, ছাত্র সংগঠন ও ক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যুৎ বিভাগ এবং শাহজাদপুরের সাধারণ মানুষের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিট’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়।