
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা-এ ফসলি জমি থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়ন-এর চরাচিথুলিয়া এলাকায় ঘাসক্ষেত থেকে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় ঘাসের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তারা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল, যা দেখে পুলিশ ধারণা করছে সে একজন মাদ্রাসা ছাত্র হতে পারে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে এবং হত্যার কারণ ও পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা।