
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তার ছেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌর শহরের রবীন্দ্র কাছারি বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী মানিক (৫৫) ও তার ছেলে অন্তর (২৫)। গুরুতর আহত অন্তরকে প্রথমে পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর মানিকের ছেলে অন্তরকে ডেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় অন্তরকে মারধর করা হয়। কিছু সময় পর ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে হাটে এসে পুনরায় হামলা চালায়। অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং বাবা মানিককেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত মানিক অভিযোগ করে বলেন, “ওরা আমার ছেলেকে ডেকে নিয়ে টাকা চেয়েছিল। দিতে না চাওয়ায় দলবদ্ধ হয়ে এসে হামলা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকেও ছাড়েনি।”
হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং শাহজাদপুর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় হাট বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা পাশ্ববর্তী দ্বাবারিয়া ও শেরেখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।