
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সংসদ সদস্যরা শপথ নেবেন। পরে বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠানো হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সম্ভাব্য শপথগ্রাহক হিসেবে থাকবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা ৩০ মিনিট বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পাঠাবেন।
আইন উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যা জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’