
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মোঃ রেজাউল করিম
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাটের বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
মো. তুহিন ইসলাম (৩০), সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, রংপুর
মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), সাং মুগলীবাড়ী, থানা পাটগ্রাম, লালমনিরহাট
মো. শিমুল মিয়া (২৮), সাং ইশ্বরকোল, থানা কালীগঞ্জ
মো. হাবিবুর রহমান (২৭), সাং লতাবর, থানা কালীগঞ্জ
ডিবি জানায়, প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী, চোর চক্রের অন্যান্য সদস্যরা কালীগঞ্জে অবস্থান করছিল। পরে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়া এবং মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের বসতবাড়ি থেকে যথাক্রমে ডিসকভার ১৩৫ সিসি এবং হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।