
মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে র্যাব। মাদক নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২৬ তারিখ রাত প্রায় ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।