
তৌহিদ ইসলাম, ঢাকা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে আদেশ জারি হলে নতুন নামেই সংস্থাটির কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিশেষায়িত এই বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
তিনি বলেন, গত দেড় বছরে র্যাবের কার্যক্রম ও পেশাদারিত্বে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনকে প্রতিফলিত করতেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে এই বিশেষায়িত বাহিনী গঠিত হয়। শুরুতে এর নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’, পরে তা পরিবর্তিত হয়ে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ হয়। গঠনের ২২ বছর পর এবার নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাহিনীটি।