
সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়াসহ চারজনকে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম করা হয়েছে। আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা সোমবার (৯ মার্চ) সকালে তারাবো পৌরসভার রূপসী শহীদ বকুলনগর কালাবাগান এলাকায় ঘটে।
আহতরা হলেন:
বাদল ভুঁইয়া (তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক)
আল-আমিন (বাদলের ছেলে)
আসাদুজ্জামান (বাদলের ভাতিজা)
আওলাদ হোসেন (বাদলের ভাই)
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী নজরুল ইসলাম নতুন বাড়ি নির্মাণের সময় রাস্তার ওপর বালি ও নির্মাণসামগ্রী রাখায় চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাদল ভুঁইয়া ও তার পরিবার ওই বালি ব্যবহার করে রাস্তা সংস্কারের চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ ১০–১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা বাদল ভুঁইয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং বাম চোখে শাবল দিয়ে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে আল-আমিন ও আসাদুজ্জামানকে দা ও চাপাতি দিয়ে কুপে আহত করা হয়।
পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতাল চত্বরে বাদলের ভাই আওলাদ হোসেনকে লোহার রড দিয়ে দুই পায়ে আঘাত করা হয়।
বর্তমানে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।