
সাইফুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে আধ্যাত্মিক ও মানবিক আবহে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের আদর্শকে সামনে রেখে ‘জমইয়তে হিযবুল্লাহ’ রূপগঞ্জ ইউনিয়নের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ, ২০ রমজান) রূপগঞ্জের বাইতুন নূর জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং জমইয়তে হিযবুল্লাহ রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রই নয়, বরং সমাজ সংস্কার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এক উজ্জ্বল বাতিঘর। সেই আদর্শকে ধারণ করেই ‘জমইয়তে হিযবুল্লাহ’ সংগঠনটি দেশজুড়ে ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলেহ উদ্দিন সালেহী। মোনাজাতে গুনাহ মাফ, দেশবাসীর কল্যাণ এবং বিশ্ব মুসলিমদের ঐক্য ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মাহফিলের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা অব্যাহত থাকবে।