
রামপাল উপজেলা প্রতিনিধি:
সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে আমার সকাল ডটকম-এর রামপাল উপজেলা প্রতিনিধি সাংবাদিক আরিফ হাসান গজনবী রামপাল প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক শাহাজালাল গাজী।
সম্প্রতি রামপাল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হলে সর্বসম্মতিক্রমে শাহাজালাল গাজীকে আহ্বায়ক এবং আরিফ হাসান গজনবীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নতুন এ কমিটি গঠনের পর স্থানীয় সাংবাদিক মহল, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, সাংবাদিক আরিফ হাসান গজনবী দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও নির্ভীকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সংবাদ পরিবেশন করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
অন্যদিকে আহ্বায়ক শাহাজালাল গাজী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিক সমাজের উন্নয়ন, ঐক্য ও পেশাগত মানোন্নয়নে কাজ করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে এবং সদস্য সচিব আরিফ হাসান গজনবীর কর্মদক্ষতায় রামপাল প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল হবে।
শুভেচ্ছা বার্তায় সাংবাদিক ও সুধীজনরা বলেন, নতুন এ কমিটির মাধ্যমে রামপাল প্রেস ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে।
এদিকে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় আরিফ হাসান গজনবী সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আহ্বায়ক শাহাজালাল গাজীর নেতৃত্বে সকলকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবকে একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।