
আরিফ হাসান গজনবী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Dr. Lion Sheikh Faridul Islam রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডাক্তার, নার্স ও প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের খাবারের মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই মানসম্মত চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রতিমন্ত্রী দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষভাবে রোগীদের খাবারের মান উন্নয়ন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি করার বিষয়ে তিনি জোর দেন।
এর আগে প্রতিমন্ত্রী Amader Gram Cancer Care & Research Center পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটি গ্রামীণ পর্যায়ে ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রীর সরাসরি তদারকি ও নির্দেশনার ফলে রামপালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে চিকিৎসা সেবা পাবে।