
মোঃ শাকিল আহামাদ
রাজশাহী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর সৌহার্দ্য ও সৌজন্যমূলক রাজনীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন-কে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় হড়গ্রাম ইউনিয়নের আদাড়িয়া পাড়ায় অধ্যাপক আজাদের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) প্রার্থী অধ্যাপক আজাদ বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৩ আসনের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “মতপার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য এক—জনগণের কল্যাণ। সকলের সহযোগিতা নিয়ে রাজশাহী-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই।” তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী-৩ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ধানের শীষ প্রতীকে শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবুল কালাম আজাদ পান ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। স্থানীয় রাজনৈতিক মহল এ ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।