
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার সিপাহীপাড়া আমবাগান এলাকায় মাদক পাচারের চেষ্টা হতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমবাগানের ভিতরে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর দুইজন সন্দেহভাজন ব্যক্তি সেখানে প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।