
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
প্রেস বিজ্ঞপ্তি, ১৬ মার্চ ২০২৬
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নবনিযুক্ত প্রশাসক তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে পদটি গ্রহণ করেন বিদায়ী প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম বজলুর রশীদ-এর কাছ থেকে।
দায়িত্ব গ্রহণের পর প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে কাজ করব। চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে নাগরিকদের ভোগান্তি কমানো হবে।"
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনকে কার্যকরী ও উন্নত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসী এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১২টায় নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।