রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সকল সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নিচ্ছেন এবং সেগুলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে।
রাজশাহী-২ (সদর) আসনের জন্য হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার বাকি পাঁচটি আসনের ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সদর থেকে বিতরণ করা হচ্ছে।
রাজশাহী জেলায় মোট ৭৭৮টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৪১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় ১ হাজার ১১০ জন সেনাসদস্য, ৭৫০ জন বিজিবি সদস্য, ২ হাজার ৬৫ জন মেট্রোপলিটন পুলিশ সদস্য, ১ হাজার ৯১৭ জন জেলা পুলিশ সদস্য, ১৪৭ জন র্যাব সদস্য এবং ১০ হাজার ১১৪ জন আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
