
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ০৮ এপ্রিল, ২০২৬ ভোর অনুমান ০৫.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ একটি মাদক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুগদা থানাধীণ মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৫২,০০০ টাকা মূল্যমানের ৮৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃতের নাম মোঃ লিয়ন মিয়া (২৪), পিতা মোঃ মুসা মিয়া, ঠিকানা: মুন্সিপাড়া, থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, লিয়ন মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। সে কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় ঢাকার মুগদা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।” র্যাব-১০ ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।