
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ঘেঁষা পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে নোঙর তোলে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর মালিকানাধীন এ জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়ে দাম্মাম বন্দর-এর বহির্নোঙরে অবস্থান করছিল। এ সময় জাহাজটির গতি ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ছিল ১০ দশমিক ৮০ মিটার।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে তারা দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিলেন। যুদ্ধবিরতির পর বর্তমানে তারা হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছেন।
তিনি আরও জানান, বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে রয়েছে এবং প্রণালি অতিক্রম করতে আরও অন্তত দুই দিন সময় লাগতে পারে। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর-এর উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।