
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে কায়বা বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের নির্দেশনায় একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়।
টহল সদস্যরা সীমান্ত পিলার ১৭/৭-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ গজ ভেতরে কায়বা গ্রামের দাদখালী এলাকার একটি পাকা সড়কের পাশে ওত পেতে থাকে। এ সময় এক ব্যক্তিকে ইছামতি নদী পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করেন।
পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ভারতের দিকে পালিয়ে যান। পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম চায়না তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।