
শাহনেওয়াজ হোসেন রাহাত, জেলা প্রতিনিধি
যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ৫২.৫ কেজি গাঁজা এবং ১১০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) জব্দ করেছে।
আজ (০৬ মার্চ) শুক্রবার ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠ থেকে ৪৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইভাবে, আন্দুলিয়া বিওপির আরশিংড়ি মাঠের পুকুরপাড় থেকে ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
৪৯ বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্যের মোট বাজার মূল্য ২,২৭,৭৫০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য বিজিবি’র বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তারা মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।