
মোহাম্মদ:- রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারণে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, বিভিন্ন জেলার ভুয়া নম্বর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত ১০:৩০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থিত ‘শফি মোটরস ওয়ার্কসপ’ নামের গ্যারেজে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর থানার মনিরুজ্জামান (৩৭) ও বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রাকিব হোসেন (১৯)।
পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে গঠিত একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ১৫০ সিসির ইয়ামাহা মোটরসাইকেলের যন্ত্রাংশ খোলার সময় দুই যুবককে হাতেনাতে আটক করে। পরে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে বাইকের মালিক খুলনার সোনাডাঙ্গার এনায়েতুল ইসলাম শনাক্ত হন। তিনি জানান, বাইকটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে চুরি হয়েছিল।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা খুলনা ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে বাইক চুরি করে নাভারণের গ্যারেজে এনে যন্ত্রাংশ হিসেবে বিক্রি করত। চক্রের মূল হোতা শফিয়ার রহমান ও খলিল গাজী বর্তমানে পলাতক রয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বুধবার (৪ মার্চ ২০২৬) যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।