
জামালপুর জেলা প্রতিনিধি, মেহেদী হাসান হাবিব
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে নূর নবী শেখ (৪৮) নামের এক ব্যবসায়ী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের কামদেববাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নূর নবী শেখ উপজেলার দেউলাবাড়ী (শেখবাড়ী) এলাকার বাসিন্দা। তিনি মেলান্দহ পৌর শহরের ‘বাচ্চু ভবনে’ অবস্থিত ‘সায়ন খেলা ঘর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক জমিজমা নিয়ে নূর নবী শেখের সঙ্গে তার ছোট ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকেলে কামদেববাড়ী এলাকায় ওই জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির উত্তেজনা বৃদ্ধি পায়। উত্তেজিত হয়ে ছোট ভাই ধারালো ছুরি নিয়ে নূর নবীকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা নূর নবীকে দ্রুত উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে শত শত স্থানীয় জনতা এবং ব্যবসায়ীরা ভিড় জমান। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। এলাকায় এক শোকাবহ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিবারের সদস্যরা বলেছেন, "দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের মত বিরোধ ছিল। এমন দুঃখজনক পরিস্থিতি কখনও ভাবিনি।" স্থানীয়রা হত্যাকাণ্ডকে নিন্দনীয় ও অবিশ্বাস্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।
মেলান্দহ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিহতের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।