
নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল | ৭ এপ্রিল, ২০২৬
মুলাদী (বরিশাল): বরিশালের মুলাদী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধ ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামী’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।
জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য সুমন ঘরামী এবং তার ভাই ডিজেল মজুতের বিষয়টি স্বীকার করেছেন। সুমন জানান, কয়েকদিন আগে তিনি এক ডিলারের কাছ থেকে এই বিপুল পরিমাণ ডিজেল কিনে মজুত করেছিলেন। তবে সরকারি চাল কেন রাখা হয়েছিল, তার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা সংবাদমাধ্যমকে বলেন:
"অবৈধভাবে সরকারি চাল রাখা এবং জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা চাল ও তেল জব্দ করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সরকারি মালামাল আত্মসাৎ ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।