
জাকির হোসেন খাঁন
উপ - বার্তা সম্পাদক
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ–এর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়। মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় আমার জন্য গর্বের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”
সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সভায় জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাস্টারসহ প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখে তারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তারা আরও জানান, অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে মুক্তিযোদ্ধারা প্রতিশ্রুতি দেন।