
মোহাম্মদ ফয়সাল
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ ইউনিয়ন এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদ থেকে এ র্যালি শুরু হয়। পরবর্তীতে র্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘আহলান সাহলান, মাহে রমজান’, ‘রজমানের পবিত্রতা রক্ষা কর’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘বিশ্বের মুসলিম, এক হও’, ‘অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ কর’, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘বিশ্ব নবীর অপমান, সইবে না মুসলমান’।
র্যালিতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল হান্নানসহ প্রায় দুইশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের বক্তব্য:
এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল হান্নান বলেন, "রমজান উপলক্ষে ইফতার ও সেহরিতে উন্নত খাবার পরিবেশন করা উচিত। পাশাপাশি সনাতনী ভাইদের জন্য দিনের বেলায় উন্নত খাবার নিশ্চিত করতে হবে, যাতে তারা কষ্ট না পান।"
চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহফুজুর রহমান বলেন, "রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এছাড়া, কুরআন নাজিলের এই মাসে কুরআনের শিক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেহায়াপনা বন্ধে সচেষ্ট থাকবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, "রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। রমজানের শিক্ষা আমাদের সারা বছর পালন করা উচিত। শয়তান রমজানে শৃঙ্খলাবদ্ধ হয়, তবে মানবশয়তানদের কর্মকাণ্ডও বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য মাহে রমজান একটি মোক্ষম সময়।"