
নয়ন, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ |
মানিকগঞ্জ জেলা শহরে আভিজাত্যের আড়ালে গড়ে ওঠা মাদক ও অসামাজিক কার্যকলাপের একটি সক্রিয় চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শহরের একটি অভিজাত ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালিয়ে চক্রের মূল হোতা চৈতি আক্তার ও তার স্বামী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অভিজাত এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা ছিল। রাত-বিরাতে অচেনা লোকজনের যাতায়াত এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। পুলিশের দাবি, ধৃত দম্পতি আভিজাত্যের আড়াল ব্যবহার করে কৌশলে মাদক ব্যবসার পাশাপাশি দেহব্যবসা পরিচালনা করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত নগদ অর্থ মাদক বিক্রির লভ্যাংশ বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলাজুড়ে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।