প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ

মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারের বরাদ্দকৃত বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম সর্দার চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদ কার্যালয়ে এসে ৫ বস্তা চাল জোরপূর্বক নিয়ে যান। এ সময় তার অনুসরণে আরও কয়েকজন মিলে অতিরিক্ত ৩ বস্তা চাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তালিকাভুক্ত অনেক দরিদ্র উপকারভোগী চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে খালি হাতে ফিরে যান। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর খোরশেদ আলম বলেন, “গরীবের জন্য বরাদ্দকৃত চাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন হয়নি, দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল কাইয়ুম সর্দার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা বিএনপির কয়েকজন চাল বিতরণের সময় পরিষদে যাই। সেখানে ৪১ বস্তা চাল অবশিষ্ট দেখতে পাই। সেখান থেকে ৩ বস্তা চাল মসজিদের মুয়াজ্জিনকে দেওয়া হয়েছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)