
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বাড়ৈগাঁও–চাপাতলী এলাকায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেগা ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের মা–মাটি ও মানুষের জননন্দিত নেতা, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন ফরাজীসহ আরও অনেকে।
মেগা ফাইনাল খেলায় চাঁদপুর একুশে ক্লাব ১-০ গোলে নারায়ণপুর উইন সূর্য্যদয় ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধেই করা একমাত্র গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং মাদকবিরোধী সচেতনতামূলক নানা বার্তা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং যুব সমাজের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়।