
নুর ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বেসরকারি ক্লিনিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহানুর জামান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মধুমতি, পদ্মা ও শাহিন ক্লিনিকে তদারকি করা হয়। পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মধুমতি ও পদ্মা ক্লিনিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শাহিন ক্লিনিকের মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহানুর জামান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।