
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি’র দীর্ঘদিনের মাঠের পরিক্ষীত ও ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় নেতা-কর্মীরা। মনোনয়ন বঞ্চিত নেতার প্রতি অবিচার ও দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে পার্বতীপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী ঈদগাহ্ মাঠে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর কর্মী-সমর্থকদের আয়োজনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু। তিনি বলেন,
“দলের দুঃসময়ে যারা জীবন বাজি রেখে মাঠে থেকেছেন, তাঁদের মূল্যায়ন না করলে কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে। ত্যাগী নেতাদের প্রতি অবিচার কখনো মেনে নেওয়া যায় না।”
এসময় তিনি দলীয় সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়ে দুই দিনের আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দুই দিনের মধ্যে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তন করা না হলে পার্বতীপুর-ফুলবাড়ী জুড়ে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।”
সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুরার রহমান মানিক, আজিজার রহমানসহ স্থানীয় আরও কয়েকজন সিনিয়র নেতা।