মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
মোঃ সাইফুল্লাহ ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
মতলব উত্তর উপজেলার একটি ইটভাটায় কীটনাশক জাতীয় ওষুধ সেবনের পর এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) উপজেলার কালিপুর চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট-এ কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে প্রাইভেট চেম্বার করতেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আমুয়াকান্দি-চর পাথালিয়া এলাকায় অবস্থিত তার নিজস্ব ইটভাটায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করে নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী ডা. নওরীন বারী বলেন, “আমাদের দুটি অবুঝ সন্তান রয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুফরাত বিন ফারুক জানান, সকালে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।