ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ইমন রহমান, উপজেলা প্রতিনিধি
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—কবির হোসেন (৫০), পিতা আনসার, গ্রাম চরশিবলি এবং মো. সোলাইমান (২৮), পিতা কাঞ্চন মিজি, গ্রাম চর সামাইয়া, থানা ও জেলা ভোলা।
জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
