
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলাসহ নদীবেষ্টিত অঞ্চলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। নিরাপদ ভোটগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটি অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতকারী আটকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করছে।
অদ্য শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এসব তথ্য জানান। ব্রিফিংয়ের আগে তিনি ভোলার বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শনও করেন।
মহাপরিচালক জানান, কোস্ট গার্ড নদী পরিবেষ্টিত ও চরাঞ্চলের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩ হাজার ৫’শ সদস্যের সমন্বয়ে গঠিত ১০০ প্লাটুন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। এসব প্লাটুন নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল ও ভোলার ৬৯ ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচনকালীন সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।