
কাশিমপুরের ত্রাস ভূমিদস্যু সাইফুলের হামলায় আহত নতুন দিগন্তের সাংবাদিক আসিফ
নাহিদ হাসান হৃদয় | ঢাকা
কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন একজন সংবাদকর্মী। হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা, ওয়ারলেস মাইক্রোফোন এবং প্রেস আইডি কার্ড।
আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. আসিফ খাঁন বলেন, "মঙ্গলবার সকালে চক্রবর্তী এলাকায় হাফিজুল ইসলাম মামুনের পরিবারের মার্কেট ও সরকারি খালের জায়গা দখল করতে যায় ভূমিদস্যু সাইফুল ও তার বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। নির্মাণাধীন মার্কেটের ভিতরের ভিডিও ধারণ করতে গেলে সাইফুল ও তার বাহিনীর ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমেই ভূমিদস্যু সাইফুল স্টিলের পাইপ দিয়ে আমার হাতে আঘাত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপর তারা মারধর চালিয়ে আমাকে গুরুতর আহত করে।"
হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, সনি ভিডিও ক্যামেরা, ওয়ারলেস মাইক্রোফোন এবং প্রেস আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আসিফ খানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ সরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে এক সিনিয়র সংবাদকর্মী বলেন, "জমি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে ‘দৈনিক নতুন দিগন্ত’ পত্রিকার সাংবাদিক আসিফ খান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও ওয়ারলেস মাইক্রোফোন ছিনিয়ে নিয়েছে। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, "লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"