
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট-বাজারের সরকারি টোল রেট পুনঃনির্ধারণ বা বৃদ্ধি করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন হাটের ইজারাদার মো. ফজলে আজিম।
জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার আওতাধীন এই হাট-বাজারের ইজারা কার্যক্রম শুরু হওয়ার আগে সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা সংক্রান্ত নীতিমালা-২০১১ অনুযায়ী টোল হার নির্ধারণের বিধান রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের অনুমোদনে ভাঙ্গুড়া উপজেলার সকল হাট-বাজারের জন্য বাংলা ১৪৩২ থেকে ১৪৩৪ সন পর্যন্ত তিন বছরের জন্য টোল রেট নির্ধারণ করা হয়েছিল। সেই টোল চার্ট অনুযায়ী বড় গরু বা মহিষ প্রতি ৬৫০ টাকা, ছোট গরু বা মহিষ ৪৪০ টাকা, বড় ছাগল ৩০০ টাকা, ছোট ছাগল ২০০ টাকা, ভেড়া ১৫০ টাকা এবং হাঁস-মুরগির খাঁচি প্রতি ৯০ টাকা নির্ধারিত ছিল।
তবে আবেদনকারী দাবি করেছেন, পাবনার অন্যান্য উপজেলার তুলনায় ভাঙ্গুড়া উপজেলার টোল রেট কম। উদাহরণস্বরূপ, ঈশ্বরদী উপজেলার টোল চার্টে বড় গরু প্রতি ৮০০ টাকা, ছোট গরু ৬০০ টাকা, মহিষ ১,০০০ টাকা এবং হাঁস-মুরগির খাঁচি প্রতি ১২০ টাকা নির্ধারণ করা রয়েছে। তিনি বলেন, শরৎনগর হাট-বাজারটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তুলনামূলক কম টোল রেটের কারণে হাট পরিচালনা ও ইজারা কার্যক্রমে আর্থিক চাপ পড়ছে এবং পৌরসভার রাজস্ব আয়ও কমতে পারে।
এই পরিস্থিতিতে, ভাঙ্গুড়া উপজেলার (পৌরসভাসহ) সকল হাট-বাজারের অনুমোদিত টোল রেট সংশোধন করে ১৪৩৩-১৪৩৪ সনের জন্য পুনঃনির্ধারণের দাবি জানানো হয়েছে এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “শরৎনগর হাট-বাজারের টোল রেট পুনঃনির্ধারণ সংক্রান্ত আবেদনটি প্রশাসনের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বলেন, “আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ছবি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট।
মো: আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল: ০১৭১২-৬৯৭৪৩৪
তারিখ: ১৪ মার্চ ২০২৬