
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
লন্ডন, ১৯ ফেব্রুয়ারি: ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেফতার করা হয়েছে। যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক তদন্তের অংশ হিসেবে তাকে ইংল্যান্ডের নরফোকের স্যান্ডরিংহ্যাম এস্টেটের অস্থায়ী বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, ‘সতর্ক মূল্যায়নের’ পর অ্যান্ড্রুকে গ্রেফতার করা হয়েছে এবং তার ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে। মার্কিন নথিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর যোগাযোগ ও বাকিংহাম প্যালেসে নৈশভোজ আয়োজনের বিষয় উল্লেখ রয়েছে। এছাড়া কিছু ছবিতেও অ্যান্ড্রুকে সন্দেহভাজন অবস্থায় দেখা গেছে।
প্রকাশিত নথি ও বিতর্কের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এপস্টেইন সংক্রান্ত তদন্তে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত। একই সঙ্গে রাজা চার্লসও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রাজপ্রাসাদের একজন মুখপাত্র বলেন, “অ্যান্ড্রুকে নিয়ে ক্রমাগত অভিযোগ আসায় রাজা চার্লস উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগের জবাব অ্যান্ড্রুর নিজ দায়িত্ব। তবে টেমস ভ্যালি পুলিশ যোগাযোগ করলে রাজপরিবার সহযোগিতা করতে প্রস্তুত।” পুলিশ জানিয়েছে, রিপাবলিক নামের রাজতন্ত্রবিরোধী একটি গোষ্ঠী অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি অসদাচরণ ও গোপনীয়তা ভঙ্গের অভিযোগ দায়ের করেছে।