
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় আইন-কানুন তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পৌরসভার দেড়শ গজের মধ্যে অবাধে নির্মাণকাজ চালাচ্ছে ‘কোয়ালিশন বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা এলবিন লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরও, পৌর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে কাজ বন্ধ করে আইন অনুযায়ী পরিচালনার নির্দেশ দিলে তা অমান্য করা হয়েছে।
মৌলভীপাড়ার ‘ডেভেলপমেন্ট কোঃ’ প্রতিষ্ঠান ‘আমজাদ টাওয়ার’ নামে একটি ভবন নির্মাণ করেছে। অভিযোগ, তারা ছয়তলা অনুমোদন নিয়েও দশতলা ভবন নির্মাণ করেছেন এবং ফ্ল্যাট বিক্রি সম্পন্ন করেছেন। একই এলাকায় তিতাস সিটি বিল্ডার্স লিমিটেড নোবেল হাসপাতালের পূর্ব পাশে এবং পশ্চিম পাইকপাড়ার চকলেট ফ্যাক্টরি রোডে বহুতল ভবন নির্মাণে নিয়মানুবর্তিতা উপেক্ষা করছে।
এছাড়া কাজীপাড়া ছোট ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশে টাউন খালের জায়গা দখল করে মোস্তফা কামালও বহুতল ভবন নির্মাণ করছেন। মুন্সেফপাড়া টিটি বাড়ি এলাকাতেও একটি প্রতিষ্ঠান নিয়মভঙ্গ করে কাজ চালাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এসব অনিয়ম পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। বিশেষভাবে টাউন প্ল্যানার জান্নাতুল ফেরদৌসের নামও এ নিয়ে আলোচনায় এসেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সার্ভেয়ারদের মাধ্যমে ডেভেলপারদের ডেকে নিয়ে আইনের ভয় দেখিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন।
স্থানীয়রা দাবি করেছেন, অবৈধ নির্মাণ বন্ধ করতে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসক ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।