
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাটের বীজের একটি চালান আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫ নম্বর শেডে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাটের বীজ আটক করেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, গত ৮ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটিতে অভিযান চালিয়ে ১৭ মেট্রিক টন পাটের বীজ পাওয়া যায়, যা ঘোষণা বহির্ভূত এবং আমদানি নিষিদ্ধ।
তিনি আরও জানান, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে সচেতন মহল বলছেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিম্নমানের বীজ দেশে প্রবেশ করলে কৃষি খাত ঝুঁকির মুখে পড়তে পারে এবং সরকারও বিপুল রাজস্ব হারাতে পারে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।