
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
পবিত্র রমজানকে সামনে রেখে বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকানে অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন নেতৃত্বে চালানো এ অভিযানে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজারে থাকা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরেজমিনে পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, “ভোক্তারা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”