
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগী উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় ১৮ মাস পর তালা ভেঙে ছবি টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর করে ছবি সরিয়ে ফেলেছে ছাত্র–জনতা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে পৌর মার্কেট এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা–এর ছবি টাঙিয়ে মালা পরান এবং কার্যালয়ের সামনে সাইনবোর্ড স্থাপন করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিন রাতে কিছু ছাত্র–জনতা কার্যালয়ে হামলা চালিয়ে ছবি ভাঙচুর করে সরিয়ে ফেলে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়ালে কোনো ছবির অস্তিত্ব নেই; ভাঙা কাঁচ ও ফুল মেঝেতে ছড়িয়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, এই ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা দলীয় কার্যালয়ে গিয়ে ছবি ও ব্যানার টাঙিয়েছেন।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, কার্যালয় খুলে ছবি টাঙানোর বিষয়টি তার জানা নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বরগুনা জেলার বেতাগী আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘদিন দলটির স্থানীয় নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন; সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের অনেকেই আবার সক্রিয় হয়েছেন।