বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তার করেছে এবং ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি এমদাদুল হক মিলন ওরফে রিপন (৩৮), পিতা মো. জাহের মিয়া, গ্রাম চানপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে ডাকাতি হওয়া একটি Apache RTR 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় ফুলতলী-হাজীপুর সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।
এর আগে ২ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মো. হানিফ ওরফে রুবেল (৩৯) এবং মো. জয়নাল (৪০)-কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। একই সময়ে একটি ব্যাগসহ সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশিসহ অন্যান্য সামগ্রী (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং একটি Moto G31 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত এমদাদুল হক মিলন ওরফে রিপনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় অন্তত ১২টি ডাকাতি মামলা রয়েছে।













