বিএনপির ইশতেহারে মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব
মো. শামিম, পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য খাত অবহেলিত থাকলেও বিএনপির নির্বাচনী ইশতেহারে এ খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইশতেহারে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রতিটি সদর হাসপাতালে মানসিক স্বাস্থ্য ইউনিট চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ও সাইকোলজিস্ট মো. মোকাদ্দেস আলী বলেন, একটি মানসিক স্বাস্থ্য প্রকল্পে কাজ করার অভিজ্ঞতায় দেখা গেছে—প্রায় ৯৯ শতাংশ রোগী শুরুতে কবিরাজ বা ঝাড়ফুঁকের চিকিৎসা নেন। ফলে সঠিক চিকিৎসা বিলম্বিত হয়ে অনেক ক্ষেত্রে রোগ জটিল আকার ধারণ করে এবং দীর্ঘদিন পর সিজোফ্রেনিয়া, শুচিবায়ু বা বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর রোগ শনাক্ত হয়।
ইশতেহারে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল ও স্কলারশিপ এবং দেশের প্রতিটি বিভাগে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কুসংস্কার কমবে এবং জনগণের মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব হবে।
