
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজার সংলগ্ন আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারপুর গ্রামের রুমেল আহমদ (৪৩), সুলতানপুর গ্রামের সুহেল আহমদ (৪৭) এবং ইসলাম উদ্দিন (৪২)। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আহমদপুর গ্রামের নাজিম মিয়া (৩৮)-কে পলাতক আসামি করে মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল বুধবার ভোরে আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনকে বুধবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বালাগঞ্জ থানার এসআই সৌরভ সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–০২, তারিখ: ১১/০২/২০২৬)।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ও সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।