প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল | ১৩ এপ্রিল, ২০২৬
বরিশালে মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ ছায়মন মুন্সী ওরফে বাবু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টী গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামপট্টী এলাকায় অভিযান চালায়। এ সময় ছায়মন মুন্সীর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছায়মন মুন্সী ওই এলাকার আলী আকবর মুন্সীর ছেলে।
অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)