
বান্দরবান সংবাদদাতা, সুকেল তঞ্চঙ্গ্যা:
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় বান্দরবান লামা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দিপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, জেলা প্রশাসক শামীম আরা রীনী, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী। সভার সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাহাড়ের প্রতিটি ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে চাল, ডাল ও তেল কিনতে পারবেন। এটি পার্বত্য অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্থানীয় বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখবে।