
স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ে দিনের পর দিন প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যাচ্ছে। সরকারি কর্মঘণ্টা চলমান থাকার কথা থাকলেও দপ্তরটি দীর্ঘ সময় ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
দপ্তরের করিডোর ও কক্ষগুলোতে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। রুমের বাইরে নেমপ্লেট থাকলেও অধিকাংশ স্থানে নামফলকের অস্তিত্ব নেই। ফলে অফিসটি যেন অনেকটাই দায়িত্বশূন্য অবস্থায় পরিচালিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
অফিসে মাস্টাররোলে দায়িত্ব পালনকারী অমিত বড়ুয়া জানান, তিনি প্রায় সাত-আট মাস ধরে এখানে কর্মরত আছেন। তবে সহকারী প্রকৌশলী মো. আবু নাঈম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আবু তৌসির নিয়মিত অফিসে উপস্থিত হন না বললেই চলে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই ফোনে পাওয়া যায়নি বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, এই চিত্র আজকের নয়; দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি কার্যত ‘অভিভাবকহীন’ অবস্থায় রয়েছে। ফলে ক্ষুদ্র সেচ ব্যবস্থাসহ কৃষি উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাহাড়ি অঞ্চলের কৃষকেরা।
স্থানীয় কৃষক ও সচেতন মহলের অভিযোগ, সরকারি এই দপ্তরটি কৃষকদের সেবার পরিবর্তে প্রায় অচল অবস্থায় পড়ে আছে। এতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ছে।
তাদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অফিসটি সচল করা হোক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে কৃষি সেবা পুনরায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে।