
বান্দরবান প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখা।
দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
পিসিসিপি বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ইমন, রেইচা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো প্রকৃত অর্থে বিজয়ের সুফল পৌঁছায়নি। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এখানকার জনগণ আজও বৈষম্যের শিকার। অবিলম্বে এসব বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে পিসিসিপি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মহান বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবান জেলা শাখা নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।