
বান্দরবান (স্টাফ রিপোর্টার: সুকেল তঞ্চঙ্গ্যা): বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায়।
নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তাঁর বাবা বাচিং কারবারী ও মা হ্লাচিং মার্মা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজের ধানক্ষেতে কীটনাশক ব্যবহার করছিলেন, তখন বন্য হাতির একটি দল আকস্মিক আক্রমণ চালায়। পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।
লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”